সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ২০:৪৮
 
 
রাজধানীর খিলগাঁও ও মিরপুরে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। এদের  মধ্যে খিলগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল বাশার নামে এক বৃদ্ধ এবং মিরপুর এলাকায় আরিফুজ্জামান নামের হাজী ট্রান্সপোর্ট পরিবহনের কন্টাকটার নিহত হয়েছেন।
 
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আবুল বাশার তার নাতনীকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। তিনি স্থানীয় খিদমা হাসপাতাল সংলগ্ন সড়কে পৌছালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। তাত্ক্ষণাত পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
অপর দিকে গতকাল বিকালে মিরপুরে দশ নম্বর গোল চত্তরে বাসের ধাক্কায় আরিফুজ্জামানের মৃত্যু হয়েছে। নিহত অরিফুজ্জামানের ফুফাতো ভাই ইউনুস জানান, বেলা ৩টার দিকে ১০ নম্বর গোল চত্ত্বর ফল পট্টির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মিরপুর-নিউমার্কেট-গুলিস্তান রুটের ৯নম্বর পরিবহনের একটি বাস পেছন থেকে আরিফুজ্জামানকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিক পরে সোহরাওয়াদী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিলে চিকিত্সক বিকাল পৌনে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
 
জানা গেছে, তার বাবার নাম শুক্কুর আলী চৌকিদার। পল্লবীর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে বাস করতেন তিনি।