সদ্য সমাপ্ত বিশ্বকাপে নৈপূণ্য দেখানোয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে তার নিজ জেলা নড়াইলে আগামীকাল মঙ্গলবার গণসংবর্ধনা দেয়া হবে। জেলার ক্রীড়া সংস্থার আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
নড়াইলের এ কৃতি সন্তানের আগমন উপলক্ষে জেলা শহর সেঁজেছে এক অপরূপ বর্ণিল সাঁজে। এজন্য নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল। শহরের প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে সকলের প্রিয় মাশরাফির ছবি দিয়ে তোরণ। ব্যানার, ফেস্টুন, জাতীয় ক্রিকেট দল এবং মাশরাফির ছবি দিয়ে সাঁজানো হয়েছে রাস্তার দু’পাশ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
জানা গেছে, বিকালে হেলিকপ্টার যোগে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের নিজ পিতৃভূমি চারিখাদা গ্রামে পা রাখবেন এলাকায় কৌশিক নামে পরিচিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফির আগমন উপলক্ষে নড়াইল শহর যেন এখন বর্ণিল পরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে।
