মিন্টুর আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ২১:৫১
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। জানা গেছে, সুপিমকোর্টের আপিল বিভাগে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উত্তর ঢাকায় প্রার্থী বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 
এ বিষয়ে নজরুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘আবদুল আউয়াল মিন্টুই আমাদের প্রার্থী। যে ভুলের কারণে তার প্রার্থিতা খারিজ করা হয়েছে, আশা করি আপিলে তিনি ন্যায়বিচার পাবেন। আদালত থেকে চূড়ান্ত ফায়সালা না আশা পর্যন্ত কোন সিদ্ধান্ত নিবেনা বিএনপি। জানা গেছে, উত্তর ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিএনপির কে লড়বেন তার জন্য আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে। কারণ মিন্টুর ঐ আপিলের ওপর আদালতের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাকে সমর্থন দেয়া হবে তা স্পস্ট নয়।
 
তবে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হলে প্রার্থী হিসাবে বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের কোনো একজনকে বেছে নিতে হবে বিএনপিকে। তবে সমর্থন পাওয়ার ক্ষেত্রে মাহী বি চৌধুরীর পাল্লা ভারি। যদিও ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে কেউ কেউ সরাসরি বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে সমর্থন দেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারপরও মাহী কে সমর্থন দেয়া ছাড়া গত্যন্তর থাকবে না বিএনপির। ঋণ খেলাপের অভিযোগে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক আপীল করেছে। আজ মঙ্গলবার বিকেলে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।ফলে তার পক্ষে থাকা বিএনপি নেতাদের উদ্বেগ বেড়েছে যে,তাবিথ মাঠে টিকে থাকবেন কি-না -এনিয়ে।