আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে রেহাই পেলেন সাঈদ খোকন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ০৩:০৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে রেহাই পেলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ। তবে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তার সকল পোস্টার নিজ উদ্যোগে অপসারণ করতে বলা হয়েছে। এদিকে দক্ষিণ সিটির আরো ১৫ কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গতকাল শোকজ নোটিস দেয়া হয়েছে। 

গতকাল রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অবস্থিত দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাঈদ খোকন ও সাইফুদ্দিন আহমেদ মিলন হাজির হন। এসময় তাদের আইনজীবীরাও সঙ্গে ছিলেন।
শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ১২ অনুযায়ী মসজিদ ও মন্দিরসহ সবধরনের ধর্মীয় উপসনালয়ে নির্বাচনী প্রচার চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সাঈদ খোকন ওই দিন মুসল্লীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি ভোট চাননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি বলেও জানান তিনি।