আনিসুলের বিপক্ষে বিএনপির প্রার্থী কে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১১:২৪
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
 
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উত্তর ঢাকায় প্রার্থী বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইত্তেফাককে তিনি বলেন, আবদুল আউয়াল মিন্টুই আমাদের প্রার্থী। যে ভুলের কারণে তার প্রার্থিতা খারিজ করা হয়েছে, আশা করি আপিলে তিনি ন্যায় বিচার পাবেন। আদালত থেকে চূড়ান্ত ফায়সালা না আশা পর্যন্ত কোন সিদ্ধান্ত নেবে না বিএনপি।
 
জানা গেছে, উত্তর ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিএনপির কে লড়বেন তা ঠিক হতে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে। কারণ মিন্টু আপিল করলে এবং ঐ আপিলের ওপর আদালতের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাকে সমর্থন দেয়া হবে তা স্পষ্ট নয়।
এদিকে দলের দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লড়বেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে  দক্ষিণে মেয়র প্রার্থী হওয়ার জন্য বিএনপির যে সকল নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মির্জা আব্বাসের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। দক্ষিণের সমর্থন প্রত্যাশী দলের নেতা আবদুস সালাম, ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন পিন্টু, আবুল বাশারকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মির্জা আব্বাসকে বিজয়ী করতে মাঠে নামতে বলেছেন।
 
প্রার্থী ড. আসাদুজ্জামান রিপন জানান, শত নাগরিক কমিটির প্রধান অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ তাকে ফোন করে বলেছেন দক্ষিণে মির্জা আব্বাসকে চূড়ান্ত করা হয়েছে। তার পক্ষে কাজ করতে অনুরোধ করেছেন। নাসির উদ্দিন পিন্টুর আইনজীবী মো. আমিনুল ইসলাম ইত্তেফাককে জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে পিন্টুকে রিট না করে মির্জা আব্বাসের পক্ষে কাজ করার জন্য পিন্টুর কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পেয়ে পিন্টুর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।
 
এদিকে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হলে প্রার্থী হিসাবে বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের মধ্যে কোন একজনকে বেছে নিতে হবে বিএনপিকে। তবে সমর্থন পাওয়ার ক্ষেত্রে মাহী বি চৌধুরীর পাল্লা ভারি। যদিও ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে কেউ কেউ সরাসরি বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে সমর্থন দেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারপরও মাহীকে সমর্থন দেয়া ছাড়া গত্যন্তর থাকবে না বিএনপির। ঋণ খেলাপির অভিযোগে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক আপিল করেছে। আজ মঙ্গলবার বিকালে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ফলে তাবিথ শেষ পর্যন্ত মাঠে থাকতে পারবেন কিনা তা নিয়ে তার পক্ষে থাকা বিএনপি নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
 
মিন্টুর রিট খারিজ
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু তার মনোনয়নপত্রের সমর্থক আব্দুর রাজ্জাক উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় রিটার্নিং অফিসার তা বাতিল করে দেয়। এই বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন মিন্টু। শনিবার ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান আপিল খারিজ করে দিয়ে মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন। বিভাগীয় কমিশনারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রবিবার রিট আবেদন দায়ের করেন মিন্টু। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এই আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।