কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
প্রতি বছরের মত এবারও মূল লড়াই শুরুর আগে বড়সড় ভাবে আয়োজিত হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে এবারও মঞ্চ মাতাবেন বলিউড তারকারা। সেই তালিকায় রয়েছেন- ঋত্বিক রোশন, আনুশকা শর্মা, শাহিদ কাপুর, ফারহান আক্তার ও তার ব্যান্ড দল এবং সুরকার প্রীতম ও তার ব্যান্ড দল ছাড়াও আরো অনেকে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করবেন সাইফ আলি খান।
অনুষ্ঠানের মূল আর্কষণ ঋত্বিক ও আনুশকা। এই দু’জনই এবার দর্শকদের আনন্দে মাতিয়ে দিবেন বলে জানায় আইপিএল কর্তৃপক্ষ। এই প্রথমবারের মত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিকের একাই পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। তবে শাহিদ কাপুরকে নিয়ে মঞ্চ মাতাবেন আনুশকা। মঞ্চ যে মন দিয়ে মাতাবেন আনুশকা, তা বলাই যায়। কারণ আনুশকা যখন মঞ্চে উঠবেন তখন ওখানেই উপস্থিত থাকবেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২ ঘণ্টাব্যাপী।
