গম ধান ও চালের মূল্য নিয়ে ঠাকুরগাঁওয়ের কৃষকরা হতাশ!

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১২:৫৯
সরকার চলতি বোরো মৌসুমে গম, ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণ করেছে। মৌসুমের শুরুতেই সরকার আগাম মূল্য ঘোষণা করায় খুশি হলেও বাজারে দাম নিয়ে হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষকরা।
 
তবে এই ন্যায্যমূল্য প্রাপ্তিতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার কৃষকরা। 
এবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ আর হরতালে শস্য উত্পাদন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন কৃষকরা।
 
নানা প্রতিকূলতার পরেও সরকার প্রতি কেজি গম ২৮ টাকা, ধান ২২ টাকা এবং চাল ৩২ টাকা নির্ধারণ করায় উত্পাদন খরচ উঠবে বলে আশায় বুক বাঁধেন কৃষকরা; কিন্তু বাজারে উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েন।
 
সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের কৃষক নজরুল ইসলাম, নারগুন গ্রামের মহন্ত কুমার এবং হরিহরপুর গ্রামের আব্বাস আলী বলেন, সরকার আগে ভাগেই গম, ধান ও চালের দাম নির্ধারণ করেছে তাতে সবাই খুশি। সরকার সরাসরি কৃষকের কাছে সংগ্রহ করলে ন্যায্য দাম পাওয়া যাবে; কিন্তু এটা বাস্তবায়ন না হলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।
 
কৃষি বিভাগ জানায়, এবার জেলায় ৬৫ হাজার ৫শ হেক্টর জমিতে গম উত্পাদন হবে ২ লাখ ৩৩ হাজার টন এবং ৬২ হাজার হেক্টর জমিতে বোরো চাল উত্পাদন হবে ২ লাখ ৫০ হাজার টন চাল। আবহাওয়া অনুকূল থাকায় এবং সারসহ অন্য উপকরণ পর্যাপ্ত মজুদ থাকায় এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
 
ঠাকুরগাঁও চালকল মালিক সমিতি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু জানান, সরকারের এবারের উদ্যোগে কৃষকরা ন্যায্য দাম পাবে; কিন্তু কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় না করলে উত্পাদন খরচ উঠবে না বলেও তিনি জানান।