বেগম জিয়াকে গত তিনমাসে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসে নিহতদের কবরের পাশে গিয়ে কাঁদার জন্য পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম.পি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
বেগম জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, আপনি গতকাল কোকোর কবরের পাশে গিয়ে যখন কেঁদেছেন তখন নিশ্চয় অনুভব করেছেন সন্তান হারানোর বেদনা। তাই আপনাকে বলবো গত তিন মাসে আপনার নির্দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমায়, আগুনে নিহতদের মায়ের কাছে, তাদের পরিবারের কাছে কড়জোর করে ক্ষমা চান। নিহতদের কবরের পাশে গিয়ে কাঁদুন।
গত তিনমাসে আন্দোলনের নামে বিএনপির অগ্নিসন্ত্রাসে নিহত প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমের আসামি হিসেবে অবশ্যই বিএনপি নেত্রীর বিচার করা হবে।
জামাতের হরতাল দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অবমাননার শামিল এমন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জামায়াত নেতা যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় আদালত দিয়েছে সরকার নয়। তাই রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা দেশের আদালতকে উপেক্ষা করা, দেশের আদালতকে অবমাননার শামিল। তাই যারা আজ হরতাল ডেকেছে তাদের বিরুদ্ধে যেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আদালতের প্রতি অনুরোধ রইলো।
