কার্যালয় খুললেও আতঙ্কে নেতাকর্মীরা: বিএনপি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৯:০৩
 
 
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুললেও দলটির নেতাকর্মীদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে বলে দলের পক্ষে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘তিন দিন আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও গত তিন দিনে প্রায় ১৩ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পল্টন থানায় যোগাযোগ করা হলে পুলিশ গ্রেফতারের বিষয়ে কিছু জানে না মর্মে বলা হলেও রাজধানীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের সন্ধান মিলছে।’
 
কার্যালয়টি খুলে দেয়ার পর সরকারের নিকট বিএনপি আশা করে নেতা-কর্মীদেরকে গ্রেফতারসহ হয়রানি বন্ধ এবং বিএনপি’র সদর দফতরকে নির্বিঘ্নে দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠ ও স্বাভাবিক গতিতে চালানোর ক্ষেত্রে নিরাপদ ও বিপদমুক্ত রাখবে। বিএনপি এও আশা করে সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে। বরকত উল্লাহ বুলু বলেন, ‘সরকার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় অবাধ সুযোগ নিশ্চিত করত: আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারি আতঙ্ক থেকে মুক্ত রাখতে সচেষ্ট হবে।’