এক রকম ছিটকেই পড়ল ম্যান সিটি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৮:৪৭
 
ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে এক রকম ছিটকেই পড়ল ম্যানচেস্টার সিটি। সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের এই হারে চতুর্থ স্থানে আছে মানুয়েল পেল্লেগ্রিনির দল। প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা চারটি ম্যাচ হারল সিটি। 
 
শীর্ষে থাকা চেলসির চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭০ পয়েন্ট পাওয়া চেলসির আর আটটি ম্যাচ খেলা বাকি। আর্সেনাল ৬৩, ম্যানচেস্টার ইউনাইটেড ৬২ ও সিটি ৬১ পয়েন্ট নিয়ে পরের স্থানগুলোতে থাকা দলগুলোর বাকি আর সাতটি করে ম্যাচ।
 
সিটির শুরুর দিকের চাপ সামলে ম্যাচের ৩৪তম মিনিটে গ্লেন মারির গোলে এগিয়ে যায় প্যালেস। আর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে জ্যাসন পাঞ্চনের বাঁকানো ফ্রি-কিক রুখতে পারেননি জো হার্ট। ৭৮তম মিনিটে ইয়াইয়া তুরের গোলে কিছুটা আশার আলো দেখেছিল সিটি; কিন্তু স্বাগতিকদের জালে আর গোল দিতে পারেননি তারা।