এবার মাঠে অনুষ্কা, দর্শক কোহলি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৯:১৩
 
মঙ্গলবার সন্ধ্যায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে আইপিএল এর অষ্টম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে। এতদিন বিরাট কোহলি মাঠে নামলে গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা যেত অনুষ্কা শর্মাকে। আর মঙ্গলবার হতে যাচ্ছে ঠিক তার উল্টো ঘটনা। কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়াম মাতাবেন অনুষ্কা শর্মা আর দর্শক সারিতে বসে তা উপভোগ করবেন বিরাট কোহলি।
আইপিএল সূত্রে জানা গেছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতাতে মাঠে থাকবেন হৃত্বিক রোশন, শহীদ কাপুর, অনুষ্কা শর্মাসহ বেশ কয়েকজন বলিউড তারকা। হৃতিক রোশনকে এর আগের কোন আইপিএল আয়োজনে দেখা না গেলেও এবারের মূল আকর্ষণ তিনিই। তবে বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ে ব্যস্ত থাকায় এদিন থাকতে পারছেন না।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে থাকবেন সাইফ আলি খান। হৃত্বিক, অনুষ্কাদের অনুষ্ঠান শেষে আইপিএলের আটটি দলের অধিনায়করা মঞ্চে প্রবেশ করবেন৷ গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর মঞ্চে এসে ট্রফিটি ফিরিয়ে দিয়ে এবারের অষ্টম পর্বের সূচনা করবেন৷ মোট ২ ঘণ্টার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আজ রাত আটটায় শুরু হবে। বুধবার ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। সূত্র: ওয়ান ইন্ডিয়া