স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা খাদ্যে ভেজাল দেয় তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। যারা খাদ্যে ভেজাল মেশায় তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি খাবার গ্রহণে সবাইকে সচেতন হতে হবে।’
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গীকার স্লোগানে মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ডেভিড ডব্লিউ ডোনার্ট প্রমুখ বক্তব্য রাখেন।
