নড়াইলে মাশরাফিকে বীরোচিত সংবর্ধনা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ২০:৫৭
 
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে নড়াইলবাসী। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাণ গ্রুপের ফ্রুটো’র সহযোগিতায় মঙ্গলবার বিকেলে মাশরাফিকে এই সংবর্ধনা দেয়া হয়।
 
বিকেলে হেলিকপ্টারযোগে নিজ জেলা নড়াইল এসে শহরের কুড়িরডোব মাঠে নামেন মাশরাফি। সেখান থেকে একটি খোলা জিপে করে মাশরাফিকে নেয়া হয় সংবর্ধনাস্থল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সাথে ছিল হাতি, গরুরগাড়ী, ঘোড়ারগাড়ী, মোটর সাইকেল শোভাযাত্রা, মাইক্রো ও প্রাইভেটকার।
 
হাজারো মাশরাফি ভক্ত তিন কিলোমিটার সড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
অধিনায়ক নিজেও তার ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। ভক্তরা নেচে গেয়ে রং মেখে বরণ করে নেয় তাদের প্রিয় মানুষটিকে। ধীরে ধীরে মাশরাফিকে বহনকারী খোলা জীপটি চলতে থাকে আর মাশরাফি দর্শকদের কখনও হাত নেড়ে কখনও হাতে হাত রেখে তাদের ভালবাসা ব্যক্ত করেন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে উপস্থিত সকলে তাকে অভিনন্দন জানান, জবাবে ক্রিকেট ভক্তদেরও অভিনন্দন জানান নড়াইল এক্সপ্রেস মাশরাফি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজির ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেসস্ট প্রদান করা হয়।
 
জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, মাতা হামিদা বেগম বলাকা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।