‘বিএনপিকে সরকার বোমাবাজ বানিয়ে ছেড়ে দিয়েছে’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১৯:৪৯
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বলেছেন, এটা হল এক টুকরা শুকরের মাংশ, কুকুরের সামনে ফেলে দেয়ার মতো। সিটি করপোরেশন নির্বাচনের জন্য মানুষ আন্দোলন করে নাই। বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, এখন তারা আন্দোলন করতে পারছেনা। সরকার তাদেরকে বোমাবাজ বানিয়ে ছেড়ে দিয়েছে। সিটি করপোরেশন নির্বাচন হওয়া উচিত। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও সরকারের প্রভাবমুক্ত হওয়া উচিত। এটি ছেলের হাতের মোয়া বা ললিপপ দিয়ে দেওয়ার মতো নয়। তিনি আরও বলেন, আমি এসমস্ত কারণে বের হইনি, আমি বের হয়েছি মানুষকে জাগ্রত করতে ও আল্লাহর রহমত পাবার আশায়। এ জন্য বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে যাচ্ছি।
মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ার সময় পথিমধ্যে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
 
কাদের সিদ্দিকী বলেন, আমাদের সমস্যা জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন নয়। জাতীয় নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি। 
এ সময় তার সাথে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান শরিফ অপু ও যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল মো. ডালিম প্রমুখ।