মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির যে উদ্যোগ নেয়া হয়েছে তার সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দানের বিষয়টি সংশ্লিষ্ট নয়। তিনি ইসরাইলের এই দাবিকে ‘মৌলিক ভুল বিচার’ বলেও উল্লেখ করেন। সোমবার মার্কিন রেডিও নেটওয়ার্ক ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেয়া এক সাক্ষাত্কারে ওবামা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সাক্ষাত্কারটি প্রচারিত হয়। এদিকে কিউবাকে সন্ত্রাসে মদদদানের রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলে ইসরাইল অস্তিত্ব সংকটে পড়বে। যুক্তরাষ্ট্রের উচিত হবে এই চুক্তিতে ইরানের ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা। মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের এই দাবি প্রত্যাখান করে বলেন, এই শর্ত আরোপ করার অর্থ হবে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করতে চাই না। ওবামা ইরানের ওপর থেকে ধাপে ধাপে অবরোধ প্রত্যাহার করার কথাও বলেন। তিনি বলেন, ইরান তার অঙ্গীকার ভঙ্গ করলে পুনরায় অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি ইরানে আধুনিকতার উপাদানগুলোকে প্রভাবিত করবে উল্লেখ করে ওবামা বলেন, আমার পরের প্রেসিডেন্ট যদি আন্তর্জাতিক এই চুক্তিকে বাতিল করে তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য সমস্যার হবে, শক্তিশালী হবে আমাদের শত্রুরা।
মার্কিন প্রেসিডেন্ট অঙ্গীকার করেন, যতো দ্রুত সম্ভব সন্ত্রাসে মদদদানের রাষ্ট্রের তালিকা থেকে কিউবার নাম বাদ দেয়া হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রেসিডেন্টের কাছে এ সংক্রান্ত একটি সুপারিশ পাঠাচ্ছে। কয়েকদিনের মধ্যেই পানামায় একটি সম্মেলনে কিউবার প্রেসিডেন্ট রাহুল কাস্ত্রের সঙ্গে বৈঠক করতে পারেন ওবামা। এর আগেই এই ঘোষণা দিলেন তিনি। গত বছরের ১৭ ডিসেম্বর কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
