যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ হওয়ার পর ঐ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হলো।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইলে ধারণকৃত ভিডিওটিতে দেখা গেছে, এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি দৌঁড়ে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করছেন মাইকেল স্লেজার নামের ঐ পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার সাউথ ক্যারোলিনার তদন্তকারীরা ভিডিও দেখার পর ঐ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ ওয়াল্টার লেমার স্কটকে লক্ষ্য করে গুলি করার আগে তার দিকে প্রথমে স্টান গান তাক করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তারা প্রতি বছর বহু সংখ্যক ব্যক্তি গুলি করে হত্যা করলেও খুব কম কর্মকর্তারাই বিচারের সম্মুখীন হন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এই হত্যার ঘটনা ঘটে। স্কটের গাড়ির পেছনের লাইট ভাঙা থাকার কারণে প্রথমে তার গাড়ি থামানো হয়।
নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গুলি করার আগে স্কটের সাথে ঐ পুলিশ কর্মকর্তার ধ্বস্তধ্বস্তি হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, স্কট দৌঁড়ে যাওয়ার সময় তাকে কয়েকবার গুলি করা হয়েছে।
চার্লস্টোনের দ্য পোস্ট অ্যান্ড কুরিয়ার পত্রিকা বলেছে, স্কট তার সন্তানদের ভরণ-পোষণ না দেয়ায় ও আদালতের শুনানিতে হাজির না হওয়ায় স্কট ১০ বারের মতো গ্রেফতার হয়েছিলেন। পুলিশ তাকে থামানোয় সে মনে করেছিল ভরণ-পোষণ না দেয়ার কারণে তাকে থামানো হয়েছে।
