আবারও স্টেডিয়ামে আনুশকা!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৩:১৩

বিশ্বকাপ সেমিফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল, কিন্তু এজন্য ভিলেন হয়ে গেলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা!

কারণ প্রেমিক বিরাট কোহলিকে উত্সাহ দিতে গ্যালারিতে হাজির হয়েছিলেন তিনি। আর কোহলি কিনা আউট হয়েছেন মাত্র ১ রান করে! ভারতের বিভিন্ন স্থানে ধোনি-কোহলিদের সাথে আনুশকার কুশপুত্তলিকাও তাই পোড়ানো হয়েছে। এসব ঘটনায় ধারণা করা হয়েছিল নিকট ভবিষ্যতে আর মাঠে যাচ্ছেন না আনুশকা।

কিন্তু বিশ্বকাপের পর আইপিএলেও হাজির হতে আনুশকা এখন কলকাতায়! তবে এবার আর প্রেমিককে উত্সাহ দিতে স্টেডিয়ামে যাচ্ছেন না আনুশকা। আসলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতেই তিনি এখন কলকাতায়। এরমধ্যে তিনি কলকাতায় পা রেখেছেন প্রেমিক বিরাট কোহলির সাথেই।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এবার কলকাতায় আসা। খেলা দেখতে আসিনি! তবে আইপিএলে কিছু ম্যাচ যে মাঠে বসে দেখব না তা বলছি না। অবশ্যই ইচ্ছা আছে অনেক। সুযোগ হলে অবশ্যই দেখবো।’

আনুশকা ছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে এরমধ্যে কলকাতায় পা রেখেছেন ঋত্বিক রোশান, শহীদ কাপুর, সাইফ আলী খানসহ অন্যরাও।