অবশেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
দক্ষিণ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের গোড়ানে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গতকাল বুধবার সকাল ১০টায় তিনি প্রচারণা শুরু করেন।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। আফরোজা আব্বাস সাংবাদিকদের জানান, মামলা থাকায় মির্জা আব্বাস প্রচারণা চালাতে আসতে পারেননি। তাই স্বামীর পক্ষে তিনি প্রচারণা শুরু করেছেন।
আফরোজা আব্বাস নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য মির্জা আব্বাস ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
মামলা প্রত্যাহার করা হলে মির্জা আব্বাস প্রচারণা শুরু করবেন বলেও জানান তিনি।
আন্দোলনে থেকে বিএনপি কেন নির্বাচন করছে? এমন প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আন্দোলনেরই একটি অংশ।
বিকেলে মতিঝিল এলাকায় মির্জা আব্বাসের সমর্থনে প্রচার চালান তিনি।
প্রসঙ্গত, ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন নির্বাচনের বিধি অনুযায়ী প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ পেয়েছেন মঙ্গলবার থেকে।
