উত্তর কোরিয়ায় ‘দ্য ইন্টারভিউ’

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৫:৪২
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার কাল্পনিক কাহিনীকে ঘিরে নির্মিত ‘দ্য ইন্টারভিউ’ চলচ্চিত্রটিকে বেলুনে করে উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন অ্যাক্টিভিস্ট। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
লি মিন বক নামে দক্ষিণ কোরিয়ার একজন অ্যাক্টিভিস্ট বলেছেন, তিনি রাতের বেলায় বেলুনে বেঁধে চলচ্চিত্রটির কপি উত্তর কোরিয়ার সীমান্তে উড়িয়ে দিয়েছেন। জানুয়ারি থেকে গত শনিবার পর্যন্ত চার বারে তিনি কয়েক হাজার কপি উড়িয়েছেন বলে উল্লেখ করেছেন।
 
এএফপি বার্তা সংস্থাকে লি বলেছেন, আমি কয়েক হাজার সিনেমার কপি এবং ১০ লক্ষের মত লিফলেট বেলুনে করে উত্তর কোরিয়ার পশ্চিম সীমান্ত দিয়ে উড়িয়ে দিয়েছি, যাতে উত্তর কোরিয়ার ঐ এলাকার মানুষ চলচ্চিত্রটি দেখতে পারে।
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার এক কাল্পনিক কাহিনীকে ঘিরে সনি পিকচারর্সের নির্মিত কমেডি ঘরানা এই চলচ্চিত্রটিকে ঘিরে এর আগে ঘটেছে অনেক ঘটনা। সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ঐ সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াই দায়ী বলে দাবি করে মার্কিন গোয়েদা সংস্থা এফবিআই। কিন্তু ওয়াশিংটনের এই দাবিকে নাকোচ করে দেয় পিয়ংইয়ং।
 
মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং এর কিছুদিন পরই উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ দীর্ঘসময়ের জন্য বন্ধ ছিল। পরে চলচ্চিত্রটি যে হলে প্রদর্শন করা হবে সেখানে হামলার হুমকি দিয়েছিল ‘গার্ডিয়ান অব পিস’ নামের একটি সংগঠন।
 
এতোকিছুর পরও সিনেমাটি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে সীমিত পরিসরে মুক্তি দেয়া হয়েছিল।