জনপ্রিয় মডেল নাবিলা করিম। ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিংয়ের সাথেই আছেন তিনি। পাশাপাশি ব্যস্ত আছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে।
সম্প্রতি নাবিলা কয়েকটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন। স্কয়ার, চমক, আরএফএল, প্রাণসহ বেশ কয়েকটি বিজ্ঞাপন করছেন তিনি। বিজ্ঞাপনগুলো প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আমি যেহেতু শুধু বিজ্ঞাপন করি। তাই এই জায়গাটায় নিজস্বতা ধরে রাখতে আমি চেষ্টা করি এমন কিছু বিজ্ঞাপন করতে যেগুলোর মধ্য দিয়ে নিজের একটা আলাদা ইমেজ তৈরি হবে।
সম্প্রতি যে বিজ্ঞাপনগুলো করলাম, এগুলো বেশ ভালো বিজ্ঞাপন। আর আমাদের বিজ্ঞাপন সেক্টরটা আগে থেকেই বেশ উন্নত। এখন আরও উন্নতি হচ্ছে। বাইরের দেশের সাথে নাটক বা চলচ্চিত্র দিয়ে পিছিয়ে থাকলেও বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা বেশ এগিয়ে আছি।’
মডেলিং নিয়মিত হলেও এখন নাটক বা বড়পর্দায় কোনো খোঁজ মিলছে না নাবিলার। তবে নাটক বা চলচ্চিত্র, দুই অঙ্গনেই কাজ করতে ইচ্ছুক নাবিলা।
নাবিলা বলেন, ‘নাটক করার ইচ্ছা আছে। একক বা টেলিফিল্মে কাজ করতে চাই। কাজের প্রস্তাব আসছে, চিত্রনাট্য পছন্দ হলে কাজ করব। আর চলচ্চিত্রেও ইচ্ছা আছে। তবে সেটা ভবিষ্যতে বলতে পারব।’
