শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি তরুণ প্রজন্মকে বলব এটা মহৎ পেশা। এই পেশা গ্রহণ করে আগামীতে এক একজন ফ্লোরেন্স নাইটেঙ্গেল হবে।
তিনি বলেন, আমরা আশা করছি এই নার্সিং কলেজ থেকে উচ্চশিক্ষিত দক্ষ নার্স বেরিয়ে আসবেন। তারা দেশের পাশাপাশি বিদেশের হাসপাতালগুলোতে কাজের সুযোগ পাবেন। এই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ দশজন নার্সকে মালয়েশিয়ায় পাঠানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১৪ জানুয়ারি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক ও ছোট বোন শেখ রেহানার সঙ্গে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
