মেক্সিকোর পশ্চিমাঞ্চলে অপরাধী চক্রের আকস্মিক হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। মঙ্গলবার এক কর্মকর্তা এই তথ্য জানান। খবর: এএফপির।
এএফপি জানায়, রাজ্যের এলিট পুলিশদের একটি গাড়ি বহর সোমবার মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াদালাজারায় যাচ্ছিল। এ সময়ে সোয়াতান গ্রামের কাছের একটি গ্রামীণ মহাসড়কে এই হামলা চালানো হয়। এতে পাঁচ কর্মকর্তা আহত হন। শক্তিশালী ‘জালিস্কো নিউ জেনারেশন ড্রাগ কার্টেল’ এই হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষের সন্দেহ।
জ্যালিস্কোর রাজ্য নিরাপত্তা কমিশনার সোলোরিও অ্যারেচিগা জানান, হামলাকারীরা পথের মাঝে গাড়ি দিয়ে রাস্তা আটকে রাখে। এরপর এগুলোতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয়। অপরাধী চক্রের বিপুল সংখ্যক লোক কর্মকর্তাদের ওপর এই হামলা চালায়।
