পুঁজিবাজারে দিনশেষে সূচক বৃদ্ধি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৮:০২
 
 
 
 
পুঁজিবাজারে পাঁচ কর্মদিবস টানা দরপতনের পর বুধবার দিনশেষে কিছুটা বেড়েছে। দিনের শুরুতে ব্যাপক দরপতন হয়। তবে শেষের দিকে কিছুটা ঊর্ধ্ব গতি পায়।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে— বুধবারও বাজারে কয়েকটি কোম্পানিতে বিনিয়োগকারীদের লেনদেনপ্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।
বুধবার জ্বালানি ও ওষুধ খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এ দুটি খাতে লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪৫ শতাংশ।
তথ্যে দেখা গেছে—বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ বেড়ে ৪ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ২ বেড়ে ১ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৪০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৬৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৪ বেড়ে ১৩ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই জানিয়েছে—শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ইজিএমের মাধ্যমে সম্মতি পাওয়ার পর মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদিত হবে।