চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেডের নিম্নতম মজুরি নির্ধারণ করেছে মজুরি বোর্ড। নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডে মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

নতুন মজুরি কাঠামোয় সবচেয়ে বেশি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৭২৭ টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।

এ ছাড়া সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনা শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে বেলা সোয়া ৩টায় শুরু হওয়া সভা দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়।

সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুই শ্রমিক প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে মোট মজুরির মধ্যে মূল বেতন ও বাড়িভাড়া কত হবে, তা নির্ধারণ করতে বুধবার আবারও মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ভোর ৪টায় সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।

ইত্তেফাক/এমএএম