নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়া হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে কিছু পাননি তাই চুপিসারে শূন্য হাতে ঘরে ফিরে গিয়েছেন। ‘৭১ ও ’৭৫ সালের খুনিরা একজোট হয়েছে। তারা এক এবং অভিন্ন। তারা হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।
বুধবার শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃািতক জোট আয়োজিত ‘ সেইতো বাড়ী ফিরলি তবে কেন এত মানুষ মারলি ও পোড়ালি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটি এম শামসুজ্জামান। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার জোটের নেতা কবি রবীন্দ্র গোপ, সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলী সুরুজ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রাণা।
বেগম জিয়া ঘরে ফিরে গিয়েছে এতে প্রমাণিত হয় যে সত্যের বিজয় অসত্যের পরাজয় হয়েছে। মিথ্যাচার করে বেগম জিয়া মাঠে নেমেছিলেন। মিথ্যা বেশীদিন টেকে না।
মন্ত্রী বলেন, ২০১৩ সালে গামেন্টস সেক্টরকে অস্থির করে তোলা হয়েছিল। গার্মেন্টেসে অস্থিরতা দূর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই তিনি শ্রমিকদের কল্যাণে কাজ করেন।
তিনি বলেন, ফুটবলে যেমনি ফাউল খেলা হলে পা ভাঙ্গে ঠিক তেমনি বেগম জিয়া ফাউল খেলে পা ভেঙ্গেছেন। শ্রমিক ও সাধারণ মানুষ হত্যা করেছেন আল্লাহ তা সহ্য করবেনা। আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে সে আন্দোলন কখনো সফল হয় না।
