জাতীয়তাবাদের সমর্থকদের সমর্থন আশা করছি: মাহী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ১৯:১৬
 
 
নিজেকে ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির আদর্শের অনুসারী’ উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, ‘ঘরে-ঘরে জাতীয়তাবাদের সমর্থক রয়েছে, তাদের কাছ থেকে আমি সমর্থন আশা করছি।’ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ‘প্রজন্ম শহর’ স্লোগানে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এই তরুণ মেয়র পদপ্রার্থী।
মাহী চৌধুরী বলেন, ‘আমি ২০ দলের কেউ নই। আব্দুল আউয়াল মিন্টু ২০ দলের প্রার্থী। সামান্য সমস্যার কারণে মিন্টু ভাইয়ের প্রার্থিতা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এ সুযোগে আমি এখন গিয়ে বলব—আমাকে ২০ দলের প্রার্থী করেন, এতটা রূঢ় হতে পারব না।’ ২০ দলের নয়, নিজেকে তিনি ‘তারুণ্যের প্রার্থী’ হিসেবে দেখতে চান বলে জানান।
এক প্রশ্নের জবাবে মাহী জানান—সমর্থন পাওয়ার জন্য খালেদা জিয়ার সঙ্গে এখনো তার কোনো যোগাযোগ হয়নি। তবে বিএনপির প্রার্থী না থাকায় দলের অনেক সিনিয়র নেতা তাকে নির্বাচন করতে বলেছেন। আবার অনেকে ভিন্নমতও পোষণ করেছেন।
নির্বাচনে জয়ী হলে কয়েক ধাপে ঢাকাকে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে মাহী বলেন,  ‘প্রথম এক শ দিন, এক বছর, তারপরে আড়াই বছরের কর্মসূচি নির্ধারণ করে কাজ এগিয়ে নিয়ে যাব। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
মাহী আরো বলেন, ‘রাজনৈতিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক নির্বাচন, দায়িত্ব গ্রহণের পর সময়মতো অঙ্গীকারগুলো পূরণ করলেই প্রজন্ম শহর পাওয়া যাবে।’