পণ্য রপ্তানির ক্ষেত্রে গার্মেন্টস শিল্পের ন্যায় হ্রাসকৃত হারে উতসে কর নির্ধারণের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। সেই সঙ্গে রপ্তানি প্রণোদনায় বিদ্যমান কর প্রত্যাহারেরও দাবি তাদের। বুধবার রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত হয়ে তারা এ দাবি তোলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় বাজেট সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রপ্তানিকারকরা বলেন, গার্মেন্টস খাত রপ্তানিতে দশমিক ৩০ শতাংশ হারে উতসে কর দিলেও এর বাইরের রপ্তানিকারকদের কাছ থেকে দশমিক ৬০ শতাংশ হারে কর নেয়া হচ্ছে। এটি গার্মেন্টস খাতের বাইরের অন্যান্য রপ্তানিকারকদের প্রতি বৈষম্য।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী টেক্সটাইল মিল শিল্প কারখানায় অগ্নি প্রতিরোধের ক্ষেত্রে অত্যাধুনিক বিদ্যুত্ সঞ্চালন ব্যবস্থা বাসবার ট্রাকিং সিস্টেমের আমদানি শুল্ক বিদ্যমান ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব দেন। প্রাথমিক বস্ত্রখাতের জন্য আমদানিকৃত প্রিন্টিং ইনেকর ক্ষেত্রে রেয়াতি সুবিধা দেয়া, বিশেষ ধরণের কাঁচামাল ফ্লাক্স ফাইবার আমদানিতে বিদ্যমান শুল্ক-কর প্রত্যাহার করা, বন্ডেড ওয়্যারহাউজকে তদারকির জন্য শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটকে প্রদত্ত বিধান বাতিল করা এবং রপ্তানিমুখী বস্ত্রখাতের ক্ষেত্রে বকেয়া ভ্যাট থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব দেয় বিটিএমএ।
এ ছাড়া স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং, ফিনিশিংসহ অন্যান্য মিলের জন্য ধার্যকৃত বিদ্যমান আয়কর ১৫ শতাংশ অব্যাহত রাখা ন্যূনতম কমহার ৩ শতাংশ করা, প্রচ্ছন্ন রপ্তানিকারকদের উেস কর অর্ধেকে নামিয়ে আনা (পোশাক রপ্তানিকারকদের সমান), স্থানীয় ঋণপত্রের মাধ্যমে সরবরাহকৃত পণ্যের বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান ৩ শতাংশ উেস কর প্রত্যাহার, প্রাথমিক বস্ত্রখাতের মিলকে নতুনভাবে কর অবকাশ সুবিধা দেয়া, উচ্চমূল্যে তুলা কিনে ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলকে সরকার ঘোষিত ৫ শতাংশ নগদ সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আগামী অর্থবছরে অর্থ বরাদ্দ রাখা ও সহায়তা প্রাপ্তিতে পদ্ধতিগত জটিলতা দুর করা, বিকল্প নগদ সহায়তা দ্বিগুণ করা, কাঁচা তুলার অবচয় হারের বিধানকে যৌক্তিক করার প্রস্তাব দেয়া হয় বিটিএমএর পক্ষ থেকে।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সচিব আব্দুল বারিক খান উেস করের পরিবর্তে কেবল লাভের উপরই ১৫ শতাংশ হারে কর দেয়ার দাবি তোলেন। এছাড়া বাড়িভাড়াসহ অন্যান্য উেসর উপর করারোপ না করা, ঠিকাদারের বিলের উপর বিদ্যমান কর ও ভ্যাট বাতিল করার দাবি জানান তিনি।
ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আমজাদ হোসেন হিমায়িত খাদ্য রপ্তানিতে সরকার প্রদত্ত নগদ প্রণোদনার অর্থের উপর বিদ্যমান ৫ শতাংশ হারে অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানান। সব রপ্তানিমুখী শিল্পখাতের জন্য অভিন্ন ডলার হার নির্ধারণ, মত্স্য ও চিংড়ি চাষী ও সরবরাহকারীদের উপর উেস কর বাতিল করার দাবি জানান তিনি।
প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক সংগঠনের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল সংগঠনটিকে বন্ড সুবিধা দেয়া এবং অডিটের হয়রানি থেকে মুক্তি দেয়ার কথা বলেন।
গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিকস রপ্তানিকারক সংগঠনের সভাপতি হারুন-অর রশিদ আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্য বা কাঁচামাল বন্দরে নিলামে তোলার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান।
হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে এসব পণ্য রপ্তানিতে বিদ্যমান আয়কর ও ভ্যাট প্রথা বাতিলের দাবি জানান।
