‘ঢাকাকে বাসযোগ্য করাই হবে প্রথম কাজ’

আপডেট : ০৮ এপ্রিল ২০১৫, ২১:৪৮
 
 
 
নির্বাচিত হয়ে ঢাকাকে বাসযোগ্য করার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন। বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার করেন।
সাঈদ খোকন বলেন, ‘আমি ঢাকাকে বিশ্বামানের নগরী হিসেবে গড়ে তুলব। বিশ্বের সব সিটি নাগরিকরা যেসব সেবা পান, ঢাকাবাসীকেও সেসব সেবা দেব।’ তিনি বলেন, ‘আমরা যে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ, সেটা গণতান্ত্রিক শক্তির সঙ্গে অপশক্তির লড়াই। এই যুদ্ধে সবার সহযোগিতা প্রয়োজন।’
‘সরকার-সমর্থিত মেয়র প্রার্থী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রটোকলে প্রচারণা চালাচ্ছেন, আমাদের বঞ্চিত করা হচ্ছে’ বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের এ অভিযোগের জবাবে সাঈদ খোকন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আমি শ্রদ্ধাশীল।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে খোকন বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিধি অনুযায়ী প্রচার চালাতে সর্বাত্মক চেষ্টা করব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু প্রমুখ।