সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১০:২৪


লুইস সুয়ারেজের জোড়া গোলে ৪-০ গোলে আলমেরিয়াকে হারিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে নিজেদের মাঠ কাম্প নউতে মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সেলোনা। সুয়ারেজ আর ডিফেন্ডার মার্ক বার্ত্রা দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়ান।
লিগে এটা তাদের টানা নবম জয়। আর সব ধরনের প্রতিযোগিতায় ২১ ম্যাচের মধ্যে ২০তম জয়। এই জয়ের ফলে শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়েই থাকল লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের ৩৩ মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগান লিওনেল মেসি। মার্ক বাত্রার বাড়িয়ে দেওয়া বলটি বাম পায়ের শটে জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এটি ছিল লিগে মেসির ৩৩তম গোল। মেসির করা গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্বাগতিকরা।
বিরতির পর ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক লিভারপুল তারকা লুইস সুয়ারেজ। ৭৫ মিনিটে মার্ক বাত্রার গোলে ব্যবধান ৩-০ হয়। ৯০ মিনিটে আলমেরিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুইস সুয়ারেজ। পেদ্রোর সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন সুয়ারেজ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের মুখোমুখি হবে বার্সা। আর অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হবে কোপা ডেল রের ফাইনালে।