তাহলে বৃথাই গেলো রণবীর কাপুরের কষ্ট!
রাতারাতি সুপারহিট হয়ে যাওয়া বিজ্ঞাপন মওকা মওকার মডেল ভিশাল মালহোত্রার সাথে তার করা ভিডিও আর প্রকাশ করতে পারেনি স্টার স্পোর্টস—ভারত যে ফাইনালেই ওঠেনি।
গেল ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের বানানো ‘মওকা মওকা’ নিয়ে আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। অজিদের কাছে সেমিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ভারতের জন্য জ্বালা-যন্ত্রণার কারণও হয়েছিল বিজ্ঞাপনটি।
তবে আগেভাগে এতোসব হয়তো জানত না স্টার স্পোর্টস। তাই ২৯ মার্চ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড বনাম ভারত হিসেব করে একটা ‘মওকা’ বিজ্ঞাপন চিত্র তৈরি করে রেখেছিল তারা। তবে সেটি অবশ্য কাজে লাগেনি!
বিজ্ঞাপন চিত্রটিতে দেখা যায়, রণবীর কাপুর বলছেন, ‘বিশ্বকাপে ভারত, এখন না নাচলে নাচবে কখন?’ এরপর বিভিন্ন শ্রেণি-পেশার উচ্ছ্বসিত ইন্ডিয়ানরা মওকা মওকার সুরে নেচে গেয়ে উত্সাহ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের।
‘মওকা মওকা’ নামের বিজ্ঞাপনটি প্রথম প্রচার হয় ভারত-পাকিস্তান ম্যাচের আগে। এরপর অনেকগুলো ধারাবাহিক পর্ব দেখা গেছে বিজ্ঞাপনটির।
