কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে আইনজীবীরা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১১:৫৪
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান।
 
আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
 
এর আগে বুধবার দুপুরে রায়ের কপিতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের চার বিচারপতি। পরে সুপ্রিমকোর্ট থেকে রায়ের কপি ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়। এরপর সেখান থেকে রায়টি পৌঁছানে হয় কারা কর্তৃপক্ষের কাছে। রায়ের এই অনুলিপি হাতে পাওয়ায় কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে এখন প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা বাকি।
 
একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ৯ মে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেয়। কামারুজ্জামান ঐ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ড বহাল রাখে। এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।