আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৮ রান করে মুম্বাই।
মর্নে মরকেল ও সাকিব আল হাসানের ভালো বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে মুম্বাই। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে অধিনায়ক রোহিত শর্মা ও কোরি অ্যান্ডারসনের দৃঢ়তায় দেড়শ’ পার করে দলটি।
শুরুতেই উইকেট পাওয়ায় মুম্বাইকে চাপে রাখে কলকাতা। ১৪ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮০ রান। কিন্তু শেষ ৬ ওভারে ৮৬ রান সংগ্রহ করে লড়াইয়ের পুঁজি গড়ে মুম্বাই।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়েন অ্যান্ডারসন ও রোহিত। ৯৮ রানে মুম্বাইয়ের অধিনায়ক এবং ৫৫ রানে অ্যান্ডারসন অপরাজিত ছিলেন।
কলকাতার সফলতম বোলার মরকেল ১৮ রানে নেন ২ উইকেট। সাকিব ১ উইকেট নেন ৪৮ রানে। তার বলে দুটি ক্যাচ হাতছাড়া করেন আন্দ্রে রাসেল ও মরকেল।
জবাবে ৯ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
মনিশ পান্ডের সঙ্গে ৮৫ রানের জুটি উপহার দিয়ে কলকাতাকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক গৌতম গম্ভির। ৫৭ রান করে অধিনায়ক ফিরে গেলেও ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন সূর্যকুমার যাদব। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ইউসুফের সঙ্গে মাত্র ২৫ বলে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ৪৬ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার।
