আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে জামায়াত কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিছুক্ষণের মধ্যেই জেলা ম্যাজিস্ট্রেট কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন। তিনি ক্ষমা চাইলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। অন্যথায় রায় দ্রুত কার্যকর করা হবে।
ক্ষমা চাওয়ার জন্য কামারুজ্জামান কত সময় পাবেন জানতে চাইলে তিনি বলেন, আজকের মধ্যে কামারুজ্জামানকে ক্ষমা চাইতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা। কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে অ্যাডভোকেট শিশির মোহম্মদ মনির সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান চিন্তা-ভাবনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে কারা কর্তৃপক্ষকে জানাবেন।
