মম-শুভ’র ছুঁয়ে দিলে মন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৩:৫৮
ভালোবাসার গল্প নিয়ে নির্মিত শিহাব শাহীনের পরিচালনায় চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে। এতে নায়িকা হিসেবে আছেন লাক্সসুন্দরী মম আর নায়ক আরেফিন শুভ। ফেয়ার অ্যান্ড লাভলী নিবেদিত এই চলচ্চিত্রের নানা গল্প নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ।
 
একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে অনেক গল্প লুকিয়ে থাকে। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়। এক. সিলেটে চিত্রায়ণের সময় পুরো একদিনের জন্য হাজির করলেন ৬ বগির একটি ট্রেন। আর এজন্য সরকারি একটি ট্রেনের নামই হয়ে গেল ‘শুটিং ট্রেন’। আর ট্রেনের ড্রাইভার যখন নির্দেশকের কথামতো ট্রেন চালাচ্ছিলেন, সবাই তো ভেবেই বসল—ট্রেনটি পরিচালকের। আর সিলেট, ছাতক, জাফলং শ্রীমঙ্গল, কোতোয়ালী, চট্টগ্রামসহ যেখানেই তারা গিয়েছেন; হাজারো দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ছবির নায়িকা মম। দুই. একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। প্রায় ২০ ফুট লম্বা এবং ৬ ফুট ব্যাসের একটি লোহার ফ্রেমের ভেতর দিয়ে সরাসরি বের হয়ে আসতে হয়েছে তাকে। ভয় লাগলেও পরে দারুণ লেগেছে বলে জানালেন নায়ক আরেফিন শুভ। তিন. ‘এই ছবির প্রতিটি ফ্রেম আমার স্মরণীয়। ছবির মূল আকর্ষণ লুকিয়ে আছে নির্মাণে। প্রতিটি শুটিংয়ের দৃশ্যে আমার অনুভূতি লুকিয়ে আছে’, কথাগুলো বললেন পরিচালক শিহাব শাহীন। গল্প শোনার পর্ব শেষ। এবার চলে যাই—এই চলচ্চিত্রে ভালোবাসা কতটুকু আছে তা জানতে। আসলে সেলুলয়েডের প্রেম আর বাস্তবের প্রেম যেন একই ফ্রেমে বন্দি! মানবজীবনের প্রেম, ভালোবাসা, বিশ্বাস ও সংঘাত সবকিছুই তুলে ধরেন একজন নির্মাতা তার গল্পের চলচ্চিত্রে। প্রেমহীন মানবজীবন অর্থহীন। প্রতিটি হূদয়ে প্রেম লুকিয়ে থাকে। এক কথায় অদৃশ্য অথচ স্বচ্ছতায় মোড়া। যুগে যুগে বিভিন্ন গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু বেশিরভাগ প্রেমের ছবি সুপারহিট তালিকায় অবস্থান করছে। কারণ প্রতিদিনই প্রেম নতুন করে জন্ম নেয়। তাই সারাদেশের দর্শকদের মন ছুঁয়ে দিতেই কাল মুক্তি পাচ্ছে নিটোল প্রেমের ছবি ‘ছুঁয়ে দিলে মন’। আর এই ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে নতুন জুটি বাঁধলেন আরেফিন শুভ ও জাকিয়া বারী মম। এরই মধ্যে ছবির গানগুলো শ্রোতাদের মুগ্ধ করেছে। বিশেষ করে ছবির ‘ছুঁয়ে দিলে মন’ টাইটেল গানটি তাহসান ও শাকিলা সাকির কণ্ঠে অসাধারণ লেগেছে। তাহসানের ভরাট কণ্ঠ এবং শাকিলা সাকির মিষ্টি গায়কীতে গানটি শুনলেই হূদয়ের মানসপটে ভালোবাসার দৃশ্যপট ফুটে ওঠে। তবে শাওন গানওয়ালা ও শাকিলা সাকির কণ্ঠে ‘চলে যাও’ ও ‘চিনি না’ এ দুটি গান চমত্কার গেয়েছেন। কণ্ঠশিল্পী ইমরান ও কনার ‘শূন্য থেকে’ গানটি একেবারে মন্দ নয়। বরাবরের মতো হাবিব তার ‘ভালোবাসা দাও ভালোবাসা নাও’ গানটিতে চমক দেখিয়েছেন। হাবিবের গায়কীতে রোমান্টিক এই গানটি প্রেমের রাজ্যে নিয়ে যায়। অন্যদিকে হাবিবের ‘ছুঁয়ে দিলাম’ গানটির কথা ও সুরে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। ধ্বনিচিত্র ও মন ফড়িংয়ের যৌথ প্রযোজনায় এ ছবিটি প্রযোজনা করেছেন সারা যাকের। আরেফিস শুভ ও মম ছাড়াও ছবিতে প্রথম খল চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। আরও আছেন আলীরাজ, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, সুষমা সরকার, খালেকুজ্জামান প্রমুখ। নতুন এই ছবি প্রসঙ্গে মম বলেন, ‘সহজ সরল একটি প্রেমের গল্পের ছবি ‘ছুঁয়ে দিলে মন’। ছবিতে আমি নীলা চরিত্রে অভিনয় করেছি। অনেকে ছোটপর্দার নীলার সঙ্গে বড় পর্দায় একটা মিল খুঁজে চলার চেষ্টা করেন। কিন্তু এই ছবির ‘নীলা’ সম্পূর্ণ আলাদা। শুধু এই সিনেমার পটভূমিকে ঘিরেই ‘নীলা’র বিস্তার। এটি আমার তৃতীয় ছবি। ছবিটি ঘিরে আমার প্রত্যাশাও অনেক।’ অন্যদিকে আরেফিন শুভ বলেন, ‘আমি অ্যাকশন ছবি নিয়মিত করলেও রোমান্টিক ছবির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। আমি এক কথায় বলতে পারি, অসাধারণ ভালোলাগা একটি গল্পের ছবি ‘ছুঁয়ে দিলে মন’। অনেক ছবিতে কাজ করেছি। অনেক সময় কাজ করে তৃপ্ত হতে পারি না। কিন্তু এ ছবিতে কাজ করে অভিনেতা হিসেবে আমি সন্তুষ্ট। আশা করছি ছবিটি বৈশাখে দর্শকের মন ছুঁয়ে যাবে।’ বর্তমানে ছবিটি মুক্তি নিয়ে ব্যস্ততায় আছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীর পাশাপাশি বিভিন্ন টিভি সাক্ষাত্কারের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন ফেসবুকেও। এ ছাড়া চলছে ছবির নতুন-নতুন পোস্টার ডিজাইনের কাজ। বিলবোর্ডের জন্যও ফটোশুট পর্ব সেরে ফেলেছেন মম এবং আরেফিন শুভ। আর তাদের ছবিসম্বলিত বিলবোর্ডগুলো শোভা পাবে শহরের বিভিন্ন স্থানে। প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান। এবার প্রতীক্ষার পালা—‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি এই বৈশাখে দর্শক-হূদয় কতটুকু ছুঁয়ে দিতে পারে।
 
পরিচালক ভাবনা
আমি ছবিতে একটি সহজ গল্প বলতে চেয়েছি। একজন সংগীতশিল্পী ও কলেজছাত্রীর প্রেম। নীলা এবং আবির নামের দুজন মানুষের কাছে আসার গল্প। একটি মফস্বল শহরে তাদের প্রথম প্রেমের গল্প। আসলে জীবনের প্রথম ভালোবাসার কথা কেউ ভুলতে পারে না। ছবিতে দেখানো হয়েছে কিভাবে সে সব বাঁধা পেরিয়ে ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে। আশা করছি প্রথম প্রেমের মতোই ছবিটি সবার মন ছুঁয়ে যাবে।