বলিউড

আবেদনময়ীর ব্যস্ত সময়

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৪:০২
বলিউডে ক্যারিয়ার শুরুর পর সানি লিওনকে নিয়ে নানা বিতর্ক, সমালোচনার পাশাপাশি এখানে তার ভবিষ্যত্ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সব সংশয়, বিতর্ক আর সমালোচকদের মুখে ছাই দিয়ে গত কয়েক বছরে শোবিজে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। নানাভাবে মিডিয়ার লাইম লাইটে থাকা বলিউডের এই তারকাকে নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
 
‘এক পহেলি লীলা’ ছবিটি মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। এখানে লীলা নামের এক রাজকুমারীর ভূমিকায় তাকে দেখা যাবে। তার বিপরীতে কয়েকজন নায়ক থাকলেও নারীপ্রধান বলিউডি সিনেমাটিতে সানি লিওন রয়েছেন কেন্দ্রবিন্দুতে। এরমধ্যে এ ছবির বেশ কয়েকটি নাচ-গানের দৃশ্য দর্শকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। যেগুলো নানা আলোচনা-সমালোচনার জন্ম দিলেও দর্শকদের অনেক আগ্রহী করে তুলেছে ‘এক পহেলি লীলা’ ছবিটি সম্পর্কে। ধারণা করা হচ্ছে, সানি লিওন অভিনীত নতুন এ ছবিটি বক্স অফিসে হয়তো ঝড় তুলবে। এ প্রসঙ্গে তিনি অনেকটা আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘বলিউডে আমার শুরুটা ভালো হয়েছে, গত কয়েক বছরে আমার যে কয়টি ছবি মুুক্তি পেয়েছে সবগুলোই দর্শক সাদরে গ্রহণ করেছে, আমি অভিনয় করতে পারি, নাচতে পারি, দর্শকদের আবিষ্ট করে রাখতে পারি তা প্রমাণিত হয়েছে। এবার ‘লীলা’ হয়ে আসছি পর্দায়, যাতে অনেক চমক রয়েছে।’ সানির এ রকম কথায় বলিউডে তোলপাড় শুরু হয়ে গেছে। অভিনীত নতুন এ ছবির প্রচারণায় নেমে ভক্ত-দর্শকদের উচ্ছ্বাস, আবেগ, উত্তাপ যেমন অনুভব করছেন সাবেক এই পর্নো তারকা; পাশাপাশি অতীত কর্মকাণ্ডের জন্য বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে তাকে। ‘এক পহেলি লীলা’র পর আগামী কয়েক মাসের মধ্যে মুক্তি পাবে সানি লিওনের নতুন আরও কয়েকটি হিন্দি সিনেমা। ‘কুচ কুচ লোচা হ্যা’ এবং ‘মাস্তিজা দে’ ছবি দুটির প্রচারণা শুরু হয়ে গেছে এরমধ্যে। বলাবাহুল্য এ ছবিগুলোরও মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সানি। তাকে আকর্ষণীয়ভাবে পর্দায় তুলে ধরতে চিত্রনাট্যও তেমনভাবে সাজানো হয়েছে। ‘আমি চিত্রনাট্যের দাবি মেটাতে সবসময় আন্তরিক, এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমার সাহসী মানসিকতাকে কেউ খারাপভাবে দেখলে আমি কী করতে পারি?’ তিনি বলেন। এ বছরের শেষ দিকে সানি লিওনকে দেখা যাবে ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিতে। সাহসী অভিনয়, দুর্দান্ত নাচ-গান আর গ্ল্যামারাস ইমেজে—সবমিলিয়ে বলিউডে নিজের একটা ব্র্যান্ড গড়ে তুলতে সক্ষম হয়েছেন সানি লিওন। দর্শক তাকে দেখতেই সিনেমা হলে ভিড় করছেন, টিভি পর্দায় তার নাচ-গান দেখানো হলে অপলক তাকিয়ে উপভোগ করছেন, একের পর এক তার ছবি আসছে এবং হিট হচ্ছে, চিত্রনির্মাতারাও তাকে মাথায় রেখে নতুন নতুন সিনেমার চিত্রনাট্য সাজাচ্ছেন, সমালোচনা-বিতর্ক উপেক্ষা করে এগিয়ে চলেছেন সানি লিওন—এসবই তার কৃতিত্ব, যা অস্বীকার করার কিংবা এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই এখন। কিছুদিন আগেও যারা তার নাম শুনলে নাক সিটকাতেন এখন তাদের অনেকেই সানি লিওনকে একজন অভিনেত্রী হিসেবে মেনে নিয়ে তার বর্তমান কাজের প্রশংসা করছেন।