‘সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেই চুক্তি সই করবে ইরান’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৫:৫১
 
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল ছয় বিশ্বশক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তি করা হবে। বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। খবর: রয়টার্সের।
 
রুহানি বলেছেন, একই দিনে সব নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলে আমরা কোনো চুক্তিতে সই করবো না। পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ সন্তুষ্টবোধ করবে, এমন একটি চুক্তি চাই আমরা।
 
তিনি বলেন, আলোচনার উদ্দেশ্য হচ্ছে, আমাদের পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা। আমরা চাই আলোচনার মাধ্যমে এমন কিছু বের হয়ে আসুক যাকে সবাই উপকৃত হবে। ইরান কোনো  তর্জন, অবরোধ ও হুমকির কাছে আত্নসমর্পণ করবে না বলে জানিয়েছেন তিনি।
 
গত সপ্তাহে সুইজারল্যান্ডের লুসানে পরমাণু প্রকল্প সীমিত করতে ছয় বিশ্বশক্তি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে ইরানের একটি খসড়া চুক্তি হয়েছে। এই চুক্তির আলোকে ইরানের পরমাণু প্রকল্প সীমিত করার বিপরীতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
 
চলতি বছরের ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। পশ্চিমা শক্তি ইরানের পরমাণু কর্মসূচির মাধ্যমে পরমাণবিক বোমা তৈরির আশঙ্কা করছে, তবে ইরান বলছে, তাদের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।