কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করুন: জাতিসংঘ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৭:০২
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
 
বুধবার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় এক প্রেসব্রিফিংয়ে আহ্বান জানান।
 
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়, আমরা জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সোমবার রায়ের বিরুদ্ধে করা তার আপিল সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
 
হাইকশিনারের মুখপাত্র বলেন, ট্রাইব্যুনালের দেয়া আগের রায়গুলোর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। এমনকি ঐ বিচারের অনেক আইন আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যেও পড়ে না। এই ধরনের বিচারে মৃত্যুদণ্ডের মত চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছে কমিশন।