নির্বাচন :ব্রিটেনে লেবার পার্টির প্রচারণায় টনি ব্লেয়ার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৬:২৬
যুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচনে লেবার পার্টি ও এর প্রধান এড মিলিব্যান্ডকে পুরোপুরি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনবার নির্বাচিত লেবার দলীয় এই সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারাভিযানে যোগ দেয়াকে অনেকেই নাটকীয় মোড় হিসাবে দেখছেন। এদিকে লেবার পার্টির নেতা মিলিব্যান্ড ঘোষণা দিতে যাচ্ছেন, অস্থায়ীভাবে বসবাসকারী কিছু ধনাঢ্য ব্যক্তির জন্য যুক্তরাজ্যের বাইরে থেকে উপার্জিত আয়ের ওপর কর পরিশোধের যে সীমা অনুমোদন করা হয়েছে লেবার পার্টির সরকার তা বাতিল করবে।
 
আসন্ন নির্বাচনে লেবার পার্টির পক্ষে প্রচারণায় নেমে ভোটারদের সতর্ক করে দিয়ে ব্লেয়ার বলেন, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে কনজারভেটিভের গণভোট চরম অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইইউ ত্যাগের ঘটনা ব্রিটেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সঙ্কটময় পরিস্থিতির মুখে ফেলে দিতে পারে বলে মনে করেন টনি ব্লেয়ার। কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এলে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সদস্যপদ নিয়ে গণভোট দেয়ার অঙ্গীকার ডেভিড ক্যামেরনের। ইউরোপবিরোধী রাজনৈতিক দল ‘ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি’তে (ইউকিপ) যাতে কনজারভেটিভ সমর্থকরা ঝুঁকে না পড়েন সেজন্য চাপের মুখে রয়েছেন ক্যামেরন।
 
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার সাবেক নির্বাচনী আসন সেজফিল্ডে একটি সভায় বক্তব্যের মাধ্যমে স্ত্রী চেরি ব্লেয়ারকে নিয়ে পার্টির পক্ষে তার প্রচারাভিযানের সূচনা করবেন। লেবার পার্টির বর্তমান নেতা এড মিলিবান্ড সম্পর্কে ব্লেয়ার বলেন, “তিনি সত্যিকার নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব যিনি তার দৃঢ় বিশ্বাসে অটুট থাকেন এমনকি তা জোয়ারের বিপরীতে গেলেও। আমি সেটাকে সম্মান করি।” এদিকে নির্বাচনী প্রচারণায় মিলিব্যান্ড ঘোষণা করতে যাচ্ছেন, যুক্তরাজ্যে অস্থায়ীভাবে বসবাসকারীদের জন্য আইন ব্রিটেনকে কর স্বর্গ থেকে দূরে সরিয়ে রাখবে। রক্ষণশীলরা বলছেন, তথাকথিত বাসিন্দারা সাবেক লেবার সরকারের অধীনে যুক্তরাজ্যকে শোষণ করেছে।