শিরোপা রক্ষায় প্রস্তুত বোল্ট

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ১৬:৪০
বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে প্রস্তুত উসাইন বোল্ট। আগস্টের শেষ দিকে বেইজিংয়ে বসছে টুর্নামেন্টের পরবর্তী আসর। সেখানে ১০০ মিটারে টানা তৃতীয় এবং ২০০ মিটারে টানা চতুর্থ স্বর্ণ জিততে দৌড়াবেন তিনি। সেক্ষেত্রে বোল্টের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না এই মুহূর্তে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন কিংবা অন্য কেউ। এরই মধ্যে সর্বকালের সবচেয়ে সফল স্প্রিন্টারে পরিণত হওয়া এই জ্যামাইকানের দীর্ঘদিনের কোচ গ্লেন মিলসের পক্ষ থেকে এসেছে এই দাবি।
 
গত বছর বোল্টের অনুপস্থিতিতে ডায়মন্ড লিগের মিটগুলোয় প্রায় একচ্ছত্র রাজত্ব করেন গ্যাটলিন। ১০০ ও ২০০ মিটারে বছরের সেরা এই পারফরমারের ১০০ ও ২০০ মিটারে ব্যক্তিগত সেরা ছিল যথাক্রমে ৯.৭৭ ও ১৯.৬৮ সেকেন্ড।
 
তবে বোল্ট যদি তার সেরা ফর্মে থাকেন তাহলে কেউই বাধা হয়ে দাঁড়াতে পারবেন না বলে মনে করছেন মিলস। তবে তাই বলে গ্যাটলিনের প্রতি শ্রদ্ধার কোন অভাব নেই তার। সেই ২০০৫ সাল থেকে বোল্টের কোচের দায়িত্ব পালন করে আসা মিলস বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমরা সব প্রতিদ্বন্দ্বীকেই সমান গুরুত্বের চোখে দেখি। গ্যাটলিনকেও হেসে উড়িয়ে দেয়ার উপায় নেই। তবে সত্যি কথাটা হলো, বোল্ট যদি তার সেরা ফর্মে থাকে তাহলে কাউকে নিয়েই ভাবার কিছু নেই।’
 
তাই প্রতিদ্বন্দ্বীদের নিয়ে না ভেবে বরং ২২-৩০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ফর্মটা ধরে রাখার দিকেই বোল্টের নজর বলে জানালেন তিনি, ‘খেলাটার প্রতি আগ্রহ বাড়াতে এটা (এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা) খুব গুরুত্বপূর্ণ। এতে নেতিবাচক কিছু নেই। তবে ট্র্যাকের বাইরের এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই ভাবি না। আমরা জানি সে (বোল্ট) পুরোপুরি সুস্থ হবার পর আমাদের কি করণীয়। শুধু অপেক্ষায় থাকুন। দেখবেন বোল্ট যখন তার সেরা রূপে দেখা দেবে তখন আপনারা কেবল একটি চিত্কারই শুনবেন। নিশ্চিতভাবেই সেটা হবে ‘উসাইন বোল্ট’।’
 
১০০ ও ২০০ মিটারের অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেকর্ডধারী বোল্ট ২০০৮ এবং ২০১২ অলিম্পিকেও এই দুই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন।
 
চোট কিংবা অন্য কোন সমস্যা না থাকলেও গত বছরের প্রায় সবগুলো প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করা বোল্ট এই বছরকে দেখছেন ব্যক্তিগত উন্নতির বছর হিসাবে। শিরোপার পাশাপাশি সবসময়ই সেদিকেও সজাগ দৃষ্টি থাকে জানিয়ে তিনি বলেন, ‘আমি সবসময়ই লক্ষ্য ঠিক করার জন্য বছরের প্রথম দৌড়টা পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করি। তবে চ্যাম্পিয়নশিপ এবং শিরোপা ধরে রাখার দিকেও নজর থাকে আমার। তবে বিশেষত এই মৌসুমে আমার লক্ষ্য যতটা সম্ভব দ্রুত দৌড়ানো। সেই লক্ষ্যে কাজও করছি আমি।’
 
বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিতে যাওয়া বোল্ট এ মাসের ১৯ তারিখ দৌড়াবেন রিও ডি জেনিরোতে। যেখানে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিকের পরবর্তী আসর। বেইজিংয়ের আগে ডায়মন্ড লিগের তিনটি ধাপে নিউইয়র্ক, প্যারিস এবং লুজানেও দৌড়াবেন তিনি।
রিওতে দৌড়ানোর জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন জানিয়ে বোল্ট বলেন, ‘এই মুহূর্তে যে অবস্থায় আছি তাতে পুরোপুরি খুশি আমি। ব্রাজিলে (মৌসুমের) প্রথম দৌড়ের জন্য আমি প্রস্তুত। এই মুহূর্তে কেবল সেটি নিয়েই আমি ভাবছি এবং কাজ চালিয়ে যাচ্ছি।
দেশের মাটিতে জুনের ২৫ এবং ২৮ তারিখ জাতীয় লিগ ট্রায়ালেও দৌড়াবেন বোল্ট।
 
ওয়ার্ল্ড রিলেতে দৌড়াবেন বোল্ট
 
উসাইন বোল্ট বাহমাসে অনুষ্ঠেয় আইএএএফ ওয়ার্ল্ড রিলেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জ্যামাইকা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন গতকাল এ কথা জানিয়েছে।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ওয়ার্ল্ড রিলেতে পুরুষ ও মহিলা উভয় বিভাগে ৪*১০০, ৪*২০০,৪*৪০০, ৪*৮০০ এবং মাঝারি পাল্লার রিলেসহ মোট পাঁচটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বীরা অংশগ্রহণ করবেন।
 
জ্যামাইকা এ্যাথলেটিক্স এসোসিয়েশনে দেয়া বিবৃতিতে বোল্ট বলেন, ‘বাহমাতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড রিলেতে জ্যামাইকা দলের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি পুরোপুরি সুস্থ এবং দৌড়ের জন্য প্রস্তুত।’
 
বোল্ট আরো বলেন, ‘আমি শুনেছি গত বছর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বেশ মজা হয়েছে এবং পারিপার্শ্বিক অবস্থা বেশ চমত্কার ছিল। রিলে দৌড়ে জ্যামাইকার দীর্ঘদিনের সাফল্যেও ইতিহাস রয়েছে এবং আমরা যখন জাতীয় দলের জার্সি পরি সব সময়ই দেশকে গর্বিত করার লক্ষ্যে আমরা সেরাটা ঢেলে দিই।’
 
নাসাউতে আগামী ২-৩ মে দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ছয়শ’র বেশি এ্যাথলেট অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতা ২০১৬ অলিম্পিকের বাছাই হিসাবে গণ্য হবে।