রিয়াল মাদ্রিদের হয়ে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। বুধবার ভায়েকানোর মাঠে রিয়ালের পক্ষে ৩০০তম গোল পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে এর আগে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মাত্র দুজন। রিয়ালের সাবেক অধিনায়ক রাউল গনসালেস ৩২৩ ও কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো করেন ৩০৭ গোল।
বুধবার ভায়েকানোর মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৬৮তম মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বল নিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান দানি কারভাহাল; অরক্ষিত দাঁড়িয়ে থাকা রোনাল্ডো ডাইভিং হেডে বল জালে জড়িয়ে দেন। লা লিগার এই মৌসুমে নিজের ৩৭তম এই গোলেই রোনালদো ছুঁয়ে ফেলেন মাইলফলকটি। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনিই। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল তার চেয়ে ৪টি কম।
