সড়ক দুর্ঘটনায় প্রাণহানী রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ জন নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি এই অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, বারবার সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানী ঘটলেও এর কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সরকার। জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার কারণে মানুষের নিরাপত্তার বিষয়টিও বারবার উপেক্ষিত থাকছে। একের পর এক দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এই শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন। নিহতদের আত্মার মাগফিরাতের পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।
