সাপের মতো খোলস পাল্টেছেন বিএনপি নেত্রী: তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ এপ্রিল ২০১৫, ২০:১১
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার নামে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দম নিচ্ছেন মাত্র। এটা তার কৌশল। নির্বাচনে অংশ নেয়ার কথা বললেও ধ্বংসাত্মক কর্মসূচি অব্যাহত রেখেছেন। তিনি আসলে সাপের মতো খোলস আর ভোল পাল্টেছেন মাত্র। আসলে সাপ খোলস পাল্টালেও বিষদাঁত রয়ে যায়।
 
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত জাসদ নেতা নূরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশার পরিবারকে সান্ত্বনা দিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। যশোর শহরের সেন্ট্রাল রোডে পপলুদের বাসায় মন্ত্রী আরও বলেন, পপলু এবং তার মেয়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জঙ্গি নেত্রীর উস্কানিতে দেশজুড়ে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়। আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের একচুলও রেহাই দেয়া হবে না। বিএনপি নেত্রীর আঁচলের তলায় জামায়াতি জঙ্গিরা বহাল তবিয়তে রয়েছে। তাদেরও রেহাই দেয়া হবে না।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মেয়েকে বাঁচাতে গিয়ে মেয়ের সাথে বাবাও মারা যান। তাই দিনটিকে জাতীয় সন্তান দিবস হিসেবে পালন করা যায় কিনা তিনি তা ওপর মহলে আলোচনা করবেন।  
 
এ সময় মন্ত্রীর সাথে শিরিন আক্তার এমপি, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি  ও জেলা সভাপতি রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।