তিন যুগেরও বেশি সময় ধরে ক্যারিয়ারটাকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে চলেছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। ম্যাডোনা বিশ্বাস করেন, নিজেকে সঠিকভাবে চিনতে পেরেছিলেন বলেই তিনি আজকে এই অবস্থানে আসতে পেরেছেন।
জনপ্রিয়তার পিছনে ছুটে কোনো লাভ নেই, বরং নিজের যোগ্যতা বৃদ্ধির পেছনেই সময় দিতে হবে। ক্যারিয়ারের শুরুতেই এই বিষয়টি অনুভব করেছিলেন এই পপশিল্পী। ম্যাডোনা বলেন, ‘জনপ্রিয়তা আসে এবং চলেও যায়। তাই এটা নিয়ে মাথা ঘামানোর কিছু আছে বলে আমি মনে করি না। আপনি কে, আপনি কেন এখানে আছেন এবং কোন লক্ষ্যের পেছনে আপনি ছুটছেন—এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে জানতে হবে। আমি মনে করি নিজেকে চিনতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি।’
৫৬ বছর বয়সী এই শিল্পী আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি যুদ্ধ করে চলেছি। আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে নারীদের কেবল আবেদনময়ী হিসেবেই ভাবা হয়ে থাকে। আর নারীদের কাজের মধ্যে এই ব্যাপারটি না থাকলে কাজটাকে অনেক সময়ই গুরুত্ব দেওয়া হয় না। এর বিরুদ্ধে আমি অনেক দিন ধরেই যুদ্ধ করে যাচ্ছি।’
