প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নব নির্মিত মাওনা ফ্লাইওভার উদ্বোধন করতে শনিবার বিকালে গাজীপুরে আসছেন। প্রথমে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর বহুপ্রতিক্ষিত মাওনা ফ্লাইওভারটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। পরে মাওনা বাজার এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজ মাঠে তিনি এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
২০১৩ সালের ২৬ অক্টোবর ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু করে নির্ধারিত সময়ের তিনমাস আগেই এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। ৯০০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ মিটার প্রস্থের চারলেন বিশিষ্ট এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয় ৭০ কোটি ২২ লাখ টাকা।
এ ফ্লাইওভারটি শ্রীপুর-কালিয়াকৈর সংযোগকারী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল মাওনার তীব্র যানজট নিরসনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করবে। সামগ্রিকভাবে ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর, দ্রুত ও নিরাপদ হবে।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্রুততর, যানজট মুক্ত, নিরাপদ ও আর্থসামজিক উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পটি ২০১০ সালে জুলাই মাসে একনেক কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় জয়দেবপুর হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ মোড় পর্যন্ত সর্ব মোট ৮৭ দশমিক ১৮ কিলোমিটারের মধ্যে জয়দেবপুর চৌরাস্তা হতে নয়নপুর পর্যন্ত ৩০ দশমিক ২৫ কিলোমিটার উন্নয়নের কাজ গত ২০১৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়াকার্স অর্গানাইজেশন পশ্চিম এর নিয়ন্ত্রণাধীন ১৭ ইবিসি কর্তৃক বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়। এ প্রকল্পের মধ্যে ২৭ কিলোমিটার অবস্থানে মাওনা ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে।
