চেলসির সামনে সবচেয়ে বেশি দিন পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ করার দারুণ এক সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে ২৩১ দিন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মরিনহোর চেলসি। লীগের সব খেলা শেষে যদি তারা শীর্ষস্থানটি ধরে রাখতে পারে, তবে সেক্ষেত্রে সেটি ২৭৪ দিন হবে। তাহলে বেশি দিন শীর্ষে থেকে লীগ শেষ করার রেকর্ড গড়বে চেলসি।
চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছে চেলসি। দুর্দান্ত পারফরমেন্স এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এখন পর্যন্ত ২৩১ তিন টেবিলের শীর্ষে। আগামী ২৪ মে লীগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে তারা। ঐ দিন পর্যন্ত যদি তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পারে, তবে দিনের সংখ্যায় সেটি গিয়ে দাঁড়াবে ২৭৪-এ। ফলে প্রিমিয়ার লীগের ইতিহাসে এটি হবে রেকর্ড। কারণ এর আগে সর্বোচ্চ ২৬২ দিন পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিলো ম্যানচেষ্টার ইউনাইটেড। সেটি ঘটেছিলো ১৯৯৩-৯৪ মৌসুমে। দ্বিতীয় সর্বোচ্চ ২০০৫-০৬ মৌসুমে ২৫৭ দিন শীর্ষস্থান ধরে রাখা দল চেলসি। ঐ আসরে লীগ শিরোপাও ঘরে তুলেছিলো তারা। ২০০৬-০৭ মৌসুমে ২৫০ দিন তালিকার শীর্ষে থেকে শিরোপা জয় করেছিলো ম্যান ইউ। আর ২০০৩-০৪ মৌসুমে ২১৬ দিন তালিকার শীর্ষে অবস্থান করেছিলো আর্সেনাল। চেলতি ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে খেলতে যাবে। ম্যাচটিতে জয় পেলে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে কোচ হোসে মরিনহোর দল।
রবিবারই ইংলিশ লিগের অন্যমত হ্যাভিওয়েট ম্যাচটি মাঠে গড়াবে। এদিন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দেবে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। ‘ম্যানচেস্টার’ ডার্বি মাঠে গড়ানোর আগেই উত্তাপ ছড়াচ্ছে দল দু’টির সমর্থকদের মাঝে।
ইংলিশ লিগের দুই জায়ান্টের লড়াই নিয়ে উজ্জীবিত স্বাগতিক ম্যান ইউ’র অধিনায়ক ওয়েন রুনি। কেননা ম্যানচেস্টার ডার্বিতে স্বরূপ দেখাতে ভুল করেন না এই ইংলিশ তারকা স্ট্রাইকার। ২০০৪ সালে এভারটন থেকে ম্যান ইউতে নাম লেখানোর পর ‘ডার্বি’ লড়াইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১টি গোল করেছেন রুনি। সিটির সঙ্গে আগামীকালের লড়াইটি নিয়ে ম্যান ইউ অধিনায়ক বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেললে স্বভাবতই আপনি এই ধরনের ডার্বি খেলাগুলো জিততে চাইবেন। খেলাটিতে মাঠে গড়ানোর সময় ইউনাইটেডের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে আমি এমন কিছু করতে চাই। ম্যান ইউ এবং ম্যান সিটি দু’দলের জন্যই খেলাটি খুবই গুরূত্বপূর্ণ।....এটা গৌরব করার মতোই একটি খেলা।’
এদিকে, চেলসি থেকে নয় পয়েন্ট ব্যবধান নিয়ে চতুর্থস্থানে থাকলেও এখনো শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন দলটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এ জন্য হাতে অবশিষ্ট প্রতিটি ম্যাচই জয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘অবশ্যই এখনো আমরা শিরোপা জিততে পারি। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। এ জন্য আমাদের শুধু খেলার দিকেই নজর দিতে হবে, প্রতিটি খেলা জয়ের চেষ্টা করতে হবে এবং চেলসির ওপর চাপ তৈরী করতে হবে।’Ñসুপার স্পোর্টস, সকারওয়ে
