প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নবনির্মিত মাওনা ফ্লাইওভার উদ্বোধন করতে আজ শনিবার বিকালে গাজীপুর যাচ্ছেন। সেখানে তিনি বহুপ্রতীক্ষিত ফ্লাইওভারটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় পিয়ার আলী ডিগ্রি কলেজ মাঠে সুধীসমাবেশে বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ অক্টোবর শুরু হয়ে নির্ধারিত সময়ের তিন মাস আগেই ফ্লাইওভারটির নির্মাণ কাজসম্পন্ন হয়েছে। ৯০০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ মিটার প্রস্থের চার লেন বিশিষ্ট ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে ৭০ কোটি ২২ লাখ টাকা। ফ্লাইওভারটি চালু হলে শ্রীপুর-কালিয়াকৈর সংযোগকারী আঞ্চলিক সড়কের সংযোগস্থল মাওনার তীব্র যানজট নিরসনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সামগ্রিকভাবে ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ, দ্রুত ও নিরাপদ হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। প্রকল্পটি ২০১০ সালের জুলাই মাসে একনেকে অনুমোদিত হয়।
ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ছাড়া
যানজট যাবে না :
ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাস্তায় কেবল লেন বাড়িয়ে লাভ নেই। রাস্তার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, গাজীপুর চৌরাস্তা হতে ঢাকা পর্যন্ত একাধিক লেনের রাস্তা থাকলেও যানজটের তেমন উন্নতি হয়নি। যানজট নিরসনে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নির্মিত মাওনা ফ্লাইওভার পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ ফ্লাইওভারটি মাওনার তীব্র যানজট নিরসনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানীর ঢাকার সড়ক যোগাযোগ সহজতর করবে।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, যোগাযোগ সচিব এমএএন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, প্রকল্প পরিচালক কর্নেল ইফতেখার আনিস, জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
