উপমহাদশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ছিল রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের ‘হল অব ফেম’-এ ‘সেলিব্রেশন অব মিউজিক’ কনসার্ট। অনুষ্ঠানের শুরুতেই রুনা লায়লা এই প্রজন্মের চারজন নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ গানটি পরিবেশন করেন। এরপর রুনা লায়লা আমন্ত্রিত বিশেষ অতিথিদের মঞ্চে আহ্বান জানান কেক কেটে অনুষ্ঠানের সূচনা করার জন্য। মঞ্চে কেক কাটতে উপস্থিত হন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, রুনা লায়লার স্বামী চিত্রনায়ক আলমগীর, আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলমসহ আরো অনেকে। কেক কাটার আগে শুভেচ্ছা বক্তব্যে রুনা লায়লা বলেন, ‘আজ যারা আমাকে ভালোবেসে কষ্ট করে এখানে এসেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ‘একজন রুনা লায়লা আমাদের সঙ্গীতাঙ্গনে অনেক কিছু দিয়েছেন। কেক কাটার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীত পর্বের শুরুতেই রুনা লায়লা ‘ইস্টিশনের রেলগাড়িটা’, বেশকিছু শ্রোতাপ্রিয় বাংলা, উর্দু ও হিন্দি গান পরিবেশন করেন। এর ফাঁকে ফাঁকে পাকিস্তানের ফাওয়াদ খান ও ভারতের কেকে গান গেয়ে উপস্থিত শ্রোতা দর্শককে মুগ্ধ করেন। অন্তুরাজ এন্টারটেইনমেন্টের আয়োজনে সেলিব্রেশন অব মিউজিক কনসার্টটি বেসরকারি টেলিভিশন আরটিভি সরাসরি সম্প্রচার করে।
