বলিউডের অন্য অভিনেতা-অভিনেত্রীরা যেখানে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন সেখানে প্রিয়াঙ্কা চোপড়া যথেষ্ট ব্যতিক্রম। হ্যাঁ, কাজের জন্য মুম্বাইতে থাকা খুবই জরুরি। কিন্তু বলিউডের অন্যান্য তারকাদের মতো পরিবার ছাড়তে নারাজ প্রিয়াঙ্কা। তিনি বরং পুরো পরিবারকেই নিয়ে আসছেন মুম্বাইতে।
রণবীর কাপুর, শহীদ কাপুর বাড়ি ছেড়েছিলেন বেশ আগে। তাদেরই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন হচ্ছেন আলিয়া ভাট। এবার তাদেরই পথ ধরলেন প্রিয়াঙ্কা।
এ প্রসঙ্গে ‘মেরিকম’ তারকা বলেন, ‘এটা ঠিক যে কর্মক্ষেত্রের কাছেই থাকাটা কাজের জন্য তো বটেই, নিজের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবারের একজন সদস্য হিসেবে নিজের পরিবারকে সময় দেওয়াটাও খুবই প্রয়োজন। কিন্তু তারমানে এই নয় যে বিকল্প কোনো রাস্তা নেই। রাস্তা অবশ্যই আছে। এখন আপনাকেই ঠিক করতে হবে যে আপনি সে রাস্তায় চলবেন কি না।’
৩২ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা-মাকেও আমার কাছে নিয়ে আসব। যেহেতু তাদের কাছে থাকা আমার জন্য বেশ কঠিন তাই তাদেরকেই আমার কাছে নিয়ে আসতে চাইছি। বাবা-মাও আমার সাথে সম্মত হয়েছেন। খুব শিগগিরই হয়তো আমরা নতুন বাসায় উঠতে যাচ্ছি।’
