জাপানি স্ট্রাইকার ইয়োসিনোরি মুটোকে দলে যোগ দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসি। তার জাপানি ক্লাব এফসি টোকিও একথা জানিয়েছে।
জাপানি সংবাদ মাধ্যমগুলো জানায়, এ জন্য তাকে ৫৯ লাখ মার্কিন ডলার প্রদানের প্রস্তাব করা হয়েছে। জে লিগ ক্লাবের একজন মুখপাত্র বলেন, ‘আমরা চেলসির পক্ষ থেকে মুটোর ব্যাপারে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছি। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’ এ বিষয়ে আর্থিক বিষয়সহ বিস্তারিত পরে জাননো হবে বলে তিনি বার্তা সংস্থা এএফপি’কে জানান।
তবে স্পোর্ট নিপ্পনের খবরে বলা হয়েছে, চেলসি ৪০ লাখ পাউন্ড (৫৯ লাখ মার্কিন ডলার) অর্থ প্রদানের প্রস্তাব করেছে, যা কোনো জাপানি খেলোয়াড়ের জন্য বিদেশি ক্লাবের সর্বোচ্চ প্রস্তাব।’
এ খবর শুনে ক্রীড়া দৈনিকটিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২২ বছর বয়সী মুটো বলেন, ‘অসাধারণ দলটির কাছ থেকে এই প্রস্তাব পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’
