রেডক্রসের আরও একটি বিমান ইয়েমেনে

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৭:৫৬
 
চিকিৎসা সামগ্রী নিয়ে রেডক্রসের আরো একটি বিমান শনিবার সানায় পৌঁছেছে। সংঘাতপূর্ণ ইয়েমেনের রাজধানীতে দ্বিতীয় দিনের মতো সফলভাবে চিকিৎসা সামগ্রী পাঠানো হলো।
 
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানায়, শিয়া বিদ্রোহী ও প্রেসিডেন্ট অ্যাবেদ্রাবো মনসুর হাদির অনুগত বাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধে আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী ওই বিমানে বহন করা হয়।
 
আইসিআরসি’র নারী মুখপাত্র ম্যারি কেয়ার ফেগহালি বলেন, এ বিমানে ৩৫.৬ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এসব সামগ্রীর মধ্যে ৩২ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী এবং বাকি গুলো হচ্ছে পানি পরিশোধন যন্ত্র, জেনারেটর ও তাঁবু।
 
গত মাসের শেষের দিকে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার প্রথমবারের মতো আইসিআরসি ও জাতিসংঘ ত্রাণবাহী বিমান পাঠায়। এদিকে ‘মানবিক দিক বিবেচনা করে’ জাতিসংঘ সংঘাতপূর্ণ ইয়েমেনে ত্রাণ সামগ্রী সরবরাহে প্রতিদিন কয়েক ঘন্টা করে অস্ত্রবিরতি দেয়ার আহবান জানিয়েছে।